রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

‘মব’ করে ভিসির পদত্যাগপত্রে সই: বিএনপি নেতা গ্রেপ্তার, থমথমে ক্যাম্পাসে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে ‘মব’ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে মামলা হয়েছে। একই ঘটনায় তাঁর একান্ত সচিব ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবরুদ্ধ করে রাখা এবং বিশ্ববিদ্যালয়ের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার পর গভীর রাতে রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন নাজমুল হোসাইন। মামলায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে জোর করে পদত্যাগে বাধ্য করা, সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন, শারীরিকভাবে লাঞ্ছনা, সরকারি মালামাল নিয়ে যাওয়া এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগে মামলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলা রেকর্ডভুক্ত হওয়ার পর গভীর রাতে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে উপাচার্যকে অপমান, লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কাজের পরিবেশ তৈরি হয়নি। পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়প্রধানের সঙ্গে এমন ঘটনার পর থেকে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’ লেখা একটি ব্যানার নিয়ে বিএনপি ও কৃষক দলের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করে উপাচার্যের কার্যালয়ে যান। তাঁদের নেতৃত্বে ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। তাঁদের সঙ্গে ছিলেন রাজপাড়া থানা বিএনপির সহসভাপতি আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদসহ অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা দরজায় ধাক্কা দিয়ে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করেন। পরে আব্দুস সালাম ও হারুনুর রশীদ উপাচার্যের টেবিলের সামনে গিয়ে দাঁড়ান। এ সময় সাগর নামে এক বিএনপিকর্মী আগে থেকে লেখা একটি পদত্যাগপত্র এনে হারুনুর রশীদের হাতে দেন। পরে সালাম ও হারুনুর রশীদ উপাচার্যকে ওই পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় সেখানে ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা’ এবং ‘আওয়ামী লীগের ভিসি হুঁশিয়ার, সাবধান’—এ ধরনের স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর সাংবাদিকদের কাছে উপাচার্য ডা. জাওয়াদুল হক অভিযোগ করেন, আগে থেকেই তাঁর পদত্যাগের দাবিতে কিছু ব্যক্তি মানববন্ধন করছিলেন। তাঁদের কয়েকজন ঠিকাদারি কাজের জন্য চাপ দিতেন বলেও দাবি করেন তিনি।

উপাচার্য বলেন, ‘গতকাল বেলা সাড়ে ১১টায় তারা হঠাৎ আমার অফিসে জোর করে ঢুকে যায়। তারা অভিযোগ করে, তাদের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারকে দিয়েছি। এ সময় তারা আমাকে আওয়ামী লীগের দোসর বলে লাঞ্ছিত করে। তারা মব সৃষ্টি করে আমার মোবাইল ফোনটি কেড়ে নেয়। প্রাণনাশের হুমকি দিয়ে তাদের লেখা একটি পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেয়।’

তিনি আরও বলেন, ‘তারা পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে আমাকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। জোর করে এভাবে কখনো পদত্যাগ করানো যায় না। কিন্তু অফিসে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তারা আমার একান্ত সচিব নাজমুল হোসাইনকে অবরুদ্ধ করে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। অফিসের সিসি ক্যামেরার হার্ডডিস্ক, কম্পিউটারের সিপিইউ নিয়ে গেছে। এটি কোনো নিয়মতান্ত্রিক পদত্যাগ নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।’

উপাচার্যের একান্ত সচিব ও সেকশন অফিসার নাজমুল হোসাইনও অভিযোগ করেন, তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। তাঁর ভাষায়, ‘তাদের হাতে অস্ত্র ছিল। অস্ত্র ঠেকিয়ে তারা আমাকে স্বাক্ষর করায়। এটা কোনো ইস্তফা নয়, অস্ত্রের মুখে এটা করেছে।’

তবে ঘটনাটিকে ‘মব’ বলতে নারাজ স্থানীয় বিএনপির নেতারা। কৃষক দলের রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ‘তাঁতী দলের মহানগর সভাপতি কাজল, কৃষক দলের আহ্বায়ক শামীম, জিয়া মঞ্চের মহানগর সভাপতি কামাল, হারুন এবং আমার নেতৃত্বে ভিসিকে পদত্যাগ করানো হয়েছে। এটার বিষয়ে আমাদের নেতা নজরুল হুদা (মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি) সব জানেন।’

মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা বলেন, ‘এটা দলীয় সিদ্ধান্ত নয়, ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় বিএনপি ও এলাকাবাসী করেছে। এটা ভিসির কারণেই হয়েছে। ভিসি নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম করেছে। ঠিকাদারি কাজ নিয়েও ঝামেলা করে। এ নিয়ে মানববন্ধন করেছিল। পরে ভিসি পদত্যাগ করেছে শুনলাম।’

ঘটনাটিকে ‘মব’ বলা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে নজরুল হুদা বলেন, ‘এটাকে মব বলা ঠিক হবে না। এটা প্রতিবাদ। জনগণ ব্যানার দিয়ে করেছে, এটা ৫ আগস্টের মতো ছোটখাটো আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ব্যানার দিয়ে কিছু করলে মব বলা যাবে না।’

এদিকে মামলা হওয়ার পর ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, উপাচার্যের কার্যালয়ে ঢুকে তাঁকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ক্যাম্পাসে স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

১

ডেঙ্গুতে রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৬৪ রোগী শনাক্ত, মৃত্যু ১

২

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

৩

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

৪

খাগড়াছড়িতে প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

৫

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

৬

রংপুরে কিশোরীকে চার দিন ধরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৭

নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করছে পুলিশের চক্র

৮

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: আহত ২০, নিখোঁজ ২৪

৯

সুন্দরগঞ্জে স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

১০

বিজেপি-সমর্থক পরিবারের মেয়ে নেহা যেভাবে হয়ে উঠলেন আন্দোলনের অন্যতম মুখ

১১

পদত্যাগ করলেও আন্দোলন থামবে না, দিল্লিতে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচদের

১২

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই

১৩

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে তা তারা মনে রাখবে: রিজভী

১৪

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

১৫

১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত