জামালপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় চরম অব্যবস্থাপনা ও ভোগান্তির চিত্র দেখা গেছে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা কোনো ওয়ার্ড বা শয্যা না থাকায় হাসপাতালের নিচতলার মেডিসিন ওয়ার্ডেই গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত মোট ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ২৪ জন রোগী। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একদিনেই নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ডেডিকেটেড ওয়ার্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় অবস্থিত মেডিসিন ওয়ার্ডে অন্যান্য সাধারণ রোগী এবং দর্শনার্থীদের যাতায়াতের কারণে চরম শোরগোল ও অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। আলাদা কোনো ডেঙ্গু ওয়ার্ড না থাকায় একই বেডে একাধিক রোগী এবং ফ্লোরে ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে নিয়ে রোগীদের থাকতে হচ্ছে। এর ফলে অনেক রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।
হাসপাতালে এক ডেঙ্গু রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন দিন ধরে আমি এখানে আছি। চিকিৎসার কোনো পরিবর্তন বা উন্নতি বুঝতে পারছি না। সাধারণ মানুষের চলাচলের সময় পায়ের ধাক্কা লাগছে, পরিবেশ এতোটাই খারাপ যে ঠিকমতো ঘুমানোও সম্ভব হচ্ছে না।
মৌ নামের রোগীর এক স্বজন বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ, এটি থেকে অন্যরাও সংক্রমিত হতে পারে। ফ্লোরে ময়লা পরিবেশে রোগীদের রাখা হয়েছে। কিছুদিন আগে মন্ত্রী ও সরকারের প্রতিনিধিরা এসে আশ্বাস দিয়ে গেলো। হাসপাতালের চিকিৎসার মান উন্নত করা হবে। বাস্তবে কোনো পরিবর্তনই হয়নি।
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহানুর রহমান বলেন, জামালপুর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যার হলেও এখানে গড়ে ৭ শত থেকে ৮ শত রোগী চিকিৎসা নেয়। যা হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। যার ফলে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সৃষ্টি হয়েছে। হাসপাতালের ধারণ ক্ষমতার থেকে রোগী বেশি হওয়ায় নতুন করে ডেঙ্গু ওয়ার্ড করা সম্ভব হয়নি। তাই রোগীদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শু/আজা