ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার পঞ্চম শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং সর্বশেষ আফগানিস্তানকে হারিয়ে ধারাবাহিকভাবে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজকের ম্যাচ জিতলে জয়-পরিসংখ্যানে সমতা আনতে পারবে টাইগাররা।
বিশ্বকাপের আগে এই সিরিজ এবং আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।
🔴 যেভাবে দেখবেন ম্যাচটি:
-
সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
-
অনলাইনে ট্যাপম্যাড (Tapmad) অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে দেখা যাবে লাইভ ম্যাচ।
চট্টগ্রামের মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। দর্শক ও সমর্থকদের প্রত্যাশা, ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে লিটন দাসের বাংলাদেশ।