জাতীয় ঈদগাহে মানুষের ঢল, জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় ঈদগাহ ময়দানে এক সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - ছবি: ভিডিও থেকে সংগৃহীত ছবি:
জাতীয় ঈদগাহ ময়দানে এক সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - ছবি: ভিডিও থেকে সংগৃহীত ছবি:

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাজধানীর বিপুল সংখ্যক মুসলমান মিলিত হলেন জাতীয় ঈদগাহে। শনিবার সকাল সাড়ে ৮টায় হাই কোর্ট সংলগ্ন মাঠে রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের জামাতে অংশ নেন।

ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই সড়কে নামাজ আদায় করেন।

সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে সব বয়সীরা ছুটে আসেন ঈদগাহ ময়দানে। সবার গায়ে নতুন পাঞ্জাবি, মাথায় টুপি। অনেকের হাতে জায়নামাজ আর পানির বোতল।

শিশু-কিশোররাও এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে প্রবেশ করেছে।

জাতীয় ঈদগাহ মাঠে এবারও প্রবেশ করতে হয়েছে সারিবদ্ধভাবে। প্রধান ফটকে বসানো আর্চওয়ের মধ্যে দিয়ে যেতে হয় নিরাপত্তা রক্ষায়।

আগতরা সঙ্গে করে নিয়ে এসেছেন পানির বোতল, জায়নামাজ ও ম্যাট। যদিও ময়দানে ত্রিপল বিছিয়ে তার উপর সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে।

রয়েছে নারীদের জন্য পৃথক ব্যবস্থা। রাখা হয়েছে মুসল্লিদের অজুর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহে জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি রাখা হয়।

প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বলয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে বেরিকেড দিয়েছে পুলিশ। পল্টন মোড়, মৎস্য ভবন, বঙ্গবাজার, দোয়েল চত্বর মোড়ে গাড়ি চলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদ গা ময়দানে যেতে বাকি পথটুকু হেঁটে যেতে হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সকাল ৭টায় প্রথম, সকাল ৮টা দ্বিতীয় ঈদের জামাত হয়। এরপর সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এলাকার খবর

সম্পর্কিত