রাজধানীর নদ্দা এলাকার ফুটওভার ব্রিজের পাশের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত ৯টা ৮ মিনিটের দিকে ফুটওভার ব্রিজের পাশের একটি দোকান থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নদ্দা ফুটওভার ব্রিজের নিচের একটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ওই সময় আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের তৎপরতায় রাত ৯টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।