রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে যান এবং মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রীর উপস্থিতিকালীন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে একটি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।