ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে লাগা আগুন পাশের আরও দুটি গুদাম ও একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়েছে। শুক্রবার রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার তেঁতুলতলা ও কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি তুলার গুদামে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পাশের আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। পরে গুদামসংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। স্থানীয় বাসিন্দারাও পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ঝুটের গুদামগুলোতে বিপুল পরিমাণ কাটা কাপড় ও তুলাজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে তিনটি ঝুটের গুদাম ও একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা রয়েছে।