বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে রানার্সআপ হলেও লিওনেল মেসিদের সম্মান জানিয়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের একমাত্র গোলে হারের তিক্ততা নিয়ে বিশ্বকাপ শেষ করে আর্জেন্টিনা।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট মিলেই লিখেছেন, “তোমাদের অনেক ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আর্জেন্টিনা সবসময় উঁচুতেই থাকবে।”
পরে আরেক পোস্টে তিনি জানান, জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন দেশে ফিরে উদযাপন করবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে।
তবে প্রেসিডেন্টের ঘোষণার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, ফাইনালের পর দলের সবাই একসঙ্গে দেশে ফিরছেন না। অনেক খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাবে যোগ দেবেন বা ব্যক্তিগত ছুটিতে চলে যাবেন।
এএফএর বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের বাকি সদস্যদের একটি অংশ স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আর্জেন্টিনায় পৌঁছাবে।
এ অবস্থায় জাতীয় ছুটির ঘোষণা কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।
শু/আজা