ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

নিজ শহর পুজাতোতে কয়েকদিন কাটিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় স্কালোনি লেখেন, ‘আমি দুঃখিত, তোমাদের জন্য আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারলাম না।’ পোস্টটি প্রকাশের পরপরই লাখো সমর্থক তার প্রতি সমর্থন ও ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। 

স্কালোনি জানান, ফাইনালের পর তার অনুভূতিতে ছিল একসঙ্গে দুঃখ ও আনন্দ, অশ্রু ও হাসি, হতাশা ও শান্তির মিশেল। তিনি আরও বলেন, নিজের স্ত্রীকে তিনি প্রায়ই আর্জেন্টিনা দলের ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে উল্লেখ করেন।

বার্তার এক পর্যায়ে বিশ্বকাপ চলাকালে সমালোচনাকারীদের উদ্দেশেও মন্তব্য করেন স্কালোনি। তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার কঠিন সমালোচনা সহ্য করতে হয়েছে।’ তার মতে, এসব প্রতিকূলতা অতিক্রম করাই দলের জন্য সবচেয়ে বড় অর্জন এবং সেটিই প্রকৃত ট্রফি।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পর্দার আড়ালে কাজ করা কর্মীদের অবদানের কথাও উল্লেখ করেন, যারা প্রতিনিয়ত দলের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে কাজ করেছেন।

বার্তার শেষাংশে স্কালোনি লেখেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’ এই বাক্যটিও দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে, স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আলোচনা নতুন করে শুরু হয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। যদিও তিনি এখনো চুক্তি নবায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী বলে জানা গেছে।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নাড়ির টানে ছুটে যান পুখাতোতে। সান্তা ফে-র এই শহরে তার জন্ম। স্পেনের কাছে শিরোপা হারানোর বিষাদে আচ্ছন্ন হয়ে সবার আগে নিজের এলাকার মানুষদের কাছে যান তিনি।

হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। পুখাতোবাসীরা তার প্রতি কৃতজ্ঞতাও জানান। আর্জেন্টাইন ভক্তদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও লিখেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী কোচ। তারপর শনিবার রাতে সবার অগোচরে পুখাতো ছাড়লেন তিনি।

জন্মস্থান ছাড়ার আগে কাউকে জানাননি স্কালোনি। বিদায় নেওয়ার বিষয়টি জানাতে অদ্ভুত উপায় বেছে নিয়েছেন তিনি। তার বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট লাগিয়ে বিদায়বার্তা দিয়েছেন আর্জেন্টাইন কোচ, যেটি পুখাতোর চ্যানেল ২ প্রকাশ করেছে। কেউ যেন তাকে খুঁজতে এসে অপেক্ষা না করেন, তাদের উদ্দেশ্যে ওই চিরকুটে লেখা, ‘লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’

স্কালোনির আগমনে পুখাতো শহরে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরেছিল। এই পাঁচ দিনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন কোচ। তিন হাজারের বেশি অধিবাসীর শহরে প্রত্যেক দিন শত শত ভক্তরা তার বাবার বাড়িতে এসে দেখা করেছেন। কেউ তাকে শুভেচ্ছা জানিয়েছে, কেউ বা ছবি তুলেছেন, আবার কেউ অটোগ্রাফ নিয়েছেন।

এই কয়েকদিন নিজের মতো করে সময় কাটিয়েছেন স্কালোনি। বাইসাইকেলে চড়ে শহরের রাস্তা ও আশপাশে ঘুরেছেন। যে ক্লাবে খেলে খেলাধুলা শুরু হয়েছিল সেই অ্যালামনি দে কাসিলদার খেলা দেখতে গিয়েছিলেন।

পুখাতো থেকে স্কালোনি কোথায় গেছেন তা অজানা। ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন তিনি। সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক দায়িত্ব পালন করবেন। তারপর পরবর্তী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াবেন, হয়তো শেষবার! আগামী ডিসেম্বর পর্যন্ত তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ পর্যন্ত নবায়ন হবে কি না তা জানার অপেক্ষায় ভক্তরা।
 

এলাকার খবর

সম্পর্কিত