দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
শুক্রবার (৬ মার্চ) আসন্ন এই সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের খেলা দেখতে সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ করতে হবে ক্রীড়াপ্রেমীদের। এছাড়া খেলা দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।
ঘরে বসেই দর্শকরা কাটতে পারবেন টিকিট। এজন্য ঢুঁ মারতে হবে গো বিসিবি টিকেট ডট কম ডট বিডি ওয়েবসাইটে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। ৪০০ টাকা ধরা হয়েছে নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মূল্য।
ক্লাব হাউজের শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের একেকটি টিকিট ১ হাজার এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের একেকটি টিকিট ১২০০ টাকা করে ধরা হয়েছে।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এর টিকিটের দামও ১ হাজার টাকা করে। সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।