দোরিয়েলতনের গোলে স্বস্তির জয় কিংসের

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ব্রাদার্স ইউনিয়ন এবার লিগ টেবিলের নিচের দিকের দল। সেই দলটিই কিনা ঘাম ছুটিয়ে দিল শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের। তবে, প্রথমার্ধে পাওয়া দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর গোলটি আগলে রেখে স্বস্তির জয় তুলে নিল কিংস। কিংস অ্যারেনায় শনিবার ১-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। ঘাড়ে শ্বাস ফেলা আবাহনীর সঙ্গে এই জয়ে ৩ পয়েন্টের ব্যবধান ফিরিয়ে আনল তারা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

কিংস অ্যারেনায় ব্রাদার্স শুরু থেকে খেলতে থাকে রক্ষণ জমাট রেখে। প্রথম লেগের দেখায় ৫-১ ব্যবধানে হেরে যাওয়া গোপীবাগের দলটিকে সপ্তদশ মিনিটে প্রথম পরীক্ষা নেন ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক দিয়ে বক্সে ঢুকে বুলেট গতির শট নেন ফাহিম, ফিস্ট করে প্রতিহত করেন ইসহাক আকন্দ।

২২তম মিনিটে এগিয়ে যায় কিংস। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেনের শট ইসহাক ফেরানোর পরই বক্সের বাইরে তালগোল পাকান ব্রাদার্সের দুই ডিফেন্ডার সিফাত ও মুনির। বল নিয়ন্ত্রণ কে নেবেন-দুজনের এই দোটানার মধ্যেই সাদ উদ্দিন মাঝ দিয়ে বল নিয়ে বেরিয়ে যান। তার ক্রস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে দোরিয়েলতন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল হলো ১৪টি। ৯ গোল নিয়ে তার পরে আছেন আবাহনীর ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে।

সাত মিনিট পর মাঝমাঠ থেকে মুনিরের লং পাস আটকাতে বক্সের বাইরে এসে হাত দিয়ে ধরে বসেন অভিজ্ঞ গোলকিপার আনিসুর রহমান জিকো। অমন কাণ্ড ঘটিয়ে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না জিকোর। বক্সের ঠিক ওপর থেকে জামাল ভূঁইয়ার ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে কর্নার হয়। সেই কর্নার ক্লিয়ার করেন দোরিয়েলতন।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণে তেমন ধার ছিল না। একমাত্র গোলটি আগলে রাখাতেই মনোযোগী ছিল কিংস।

এলাকার খবর

সম্পর্কিত