বোরহাম উডে অভিষেকেই নজর কাড়লেন ফারহান

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ । ছবি: সংগৃহীত ছবি:
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ । ছবি: সংগৃহীত ছবি:

চলতি মাসের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে বোরহাম উডে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। আর নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচেই গোল-অ্যাসিস্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ১৯ বছর বয়সী এই লেফট উইঙ্গার। 

মঙ্গলবার (১৮ আগস্ট) মিডো পার্কে ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডসের অনূর্ধ্ব–২১ দলের মুখোমুখি হয়েছিল বোরহাম উড। এই ম্যাচে মূল একাদশেই মাঠে নেমেছিলেন ফারহান। বোরহামের ৫–২ ব্যবধানের বিশাল জয়ে বড় ভূমিকা রেখে নিজের নামের পাশে একটি গোল ও একটি অ্যাসিস্ট যুক্ত করেন তিনি।

ম্যাচের ৪১ মিনিটে বোরহামের হয়ে নিজের প্রথম গোলটি আদায় করে নেন ফারহান। এই গোলের রেশ না কাটতেই প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের উৎস বা অ্যাসিস্টের জোগানদাতা ছিলেন এই তরুণ। এছাড়া এল. রিচার্ডসন দুটি এবং আর. বুটি একটি করে গোল করেন। 

বোরহাম উডের অফিশিয়াল ওয়েবসাইটে এই ম্যাচে ফারহানের এই পারফরম্যান্সের প্রশংসায় বলা হয়েছে, ‘প্রথম ম্যাচেই দারুণ চমক দেখালেন ফারহান আলী ওয়াহিদ। বল পায়ে তার সাবলীল দৌড় এবং কিছু বুদ্ধিদীপ্ত ছোট পাস ছিল সত্যিই উপভোগ্য। কদাচিৎ বল হারালেও তা দ্রুত পুনরুদ্ধার করেছেন তিনি।’

ফারহানের এই সাফল্য একদিনে হুট করে আসেনি। এর পেছনে রয়েছে তার দীর্ঘ ফুটবল সাধনা। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করে নিজের গোল করার সহজাত ক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। এমনকি ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখান এই তরুণ ফুটবলার।

সম্পর্কিত