জুলাই শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারি ঘিরে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি—এ অভিযোগে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতিতেই এ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে জুলাই গণ–অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ প্রতিফলন ঘটেনি। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনা ও হট্টগোল ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে এসে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তবে তার বক্তব্যের পরও প্রতিবাদ অব্যাহত থাকে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন এবং আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেনকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

আক্তার হোসেন উপস্থিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তার বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এরপর আবার মঞ্চে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ডকুমেন্টারিতে থাকা অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তিনি ঘোষণা দেন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা ও সংস্কার করা হবে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের সব গুরুত্বপূর্ণ ঘটনা, আত্মত্যাগ ও প্রেক্ষাপট যথাযথভাবে অন্তর্ভুক্ত করে সংশোধিত সংস্করণ প্রস্তুত করা হবে।

এ ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। পরে বাকি কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

তবে অনুষ্ঠানের একপর্যায়ে এনসিপি নেতা আক্তার হোসেন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময়ও একই অভিযোগ তুলে ধরেন। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অডিটোরিয়াম ত্যাগ করেন।

 

শু/আজা

বিষয়:

#এনসিপি
এলাকার খবর

সম্পর্কিত