দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী নেতারা মাওলানা মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “তাদের বিরুদ্ধে ন্যায়বিচার হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।” শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “দৈনিক নয়া দিগন্ত শুধু একটি পত্রিকা নয়, এটি এক সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী শাসনের সময়ে পত্রিকাটির সাংবাদিকরা নির্যাতন, হেনস্তা ও দমননীতির শিকার হয়েছেন।”
তিনি অভিযোগ করেন, “সেই সময়ে দেশের গণতন্ত্রকামী মানুষকে দমন করতে গুম, খুন ও মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হয়। প্রায় ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এ সময় ২০ হাজারেরও বেশি কর্মীকে গুম ও খুন করা হয়েছে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার একমাত্র উপায় হলো একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। যদি নির্ধারিত সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতন্ত্রে ফিরে যেতে পারব।”
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন, ভয়ের রাজনীতি বন্ধ করুন। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের অগ্রগতি স্থায়ী হবে না।”