এ বছরের পুলিশ পদকের তালিকা তড়িঘড়ি করে প্রস্তুত করায় এতে কিছু ত্রুটি ও অনিয়ম থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে একটি বিশুদ্ধ তালিকা প্রকাশ করা হবে।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে। যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ পদক না দেওয়ার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, “তালিকা যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি পেয়েছি। দুই-একটি ক্ষেত্রে অনিয়মও হয়ে থাকতে পারে। যাচাই-বাছাই করে বিশুদ্ধ তালিকা প্রস্তুত করা হবে। বিষয়টি এখনও আমার কাছে পেন্ডিং রয়েছে। খুব দ্রুতই এটি শেষ করব।”
সম্প্রতি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়া ডিভাইসটি ঘটনাক্রমে পাওয়া গেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওই আয়োজনের সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে বলে সরকার মনে করে না।