সরকার গঠনের পর এই প্রথম সংক্ষিপ্ত সফরে দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রবিবার (৯ আগস্ট) মাতারবাড়ির মেগা উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ পুরো এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ও ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি।
আজ শনিবার (৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর নির্ধারিত ভেন্যুর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
পরিদর্শনকালে তাঁরা মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেন্যু প্রস্তুতি, সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সফর সম্পূর্ণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভেন্যু ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে বহুমুখী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।