হেফাজতের আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী, জিয়ারত করলেন প্রতিষ্ঠাতা আহমদ শফীর কবর

রূপম ভট্টাচার্য্য, চট্টগ্রাম ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরে আন্তরিকতা প্রকাশ করেন তিনি। রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী সিঅ্যান্ডবি মাঠে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় যান তিনি। এ সময় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান।

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেফাজতের প্রতিষ্ঠাতা আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

রোববার বিকাল পৌনে ৬টায় সরকারপ্রধান সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) পৌঁছান বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু্। তিনি জানান, প্রধানমন্ত্রীর কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলীল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীকে মাদ্রাসার দ্বিতীয় তলা নিয়ে যান সেখানকার মহাপরিচালক। সেখানে জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকারপ্রধান।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফি ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। প্রায় সাড়ে তিন দশক ধরে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

এলাকার খবর

সম্পর্কিত