বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং সেবা সহজীকরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের আর্থিক লেনদেন সহজ করা, তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আজ প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান সর্বাগ্রে।’
তিনি বলেন, প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে অর্থ লেনদেনের প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।
প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অনন্য অবদানকে সম্মান জানিয়ে যুগোপযোগী সেবা নিশ্চিত করার জন্য জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধাও আরও সহজে ভোগ করতে পারবেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের সময়বদ্ধ ও সুনির্দিষ্ট পরিকল্পনা এবং রোডম্যাপ অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি বলেন, ‘প্রবাসীদের কল্যাণ সাধন ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য গৃহীত প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।’
শু/আজা