দেশের ক্রিকেটের টালমাটাল সময়ে শর্তসাপেক্ষে সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে বিবেচনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি পরিচালক আমজাদ হোসেন।
তিনি বলেন, সাকিবের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও অ্যাকসেসিবিলিটি—এই তিন বিষয়ের ওপর ভিত্তি করে এবং ম্যাচের ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে ভবিষ্যতে নির্বাচকরা তাকে দলে বিবেচনা করতে পারবেন। দেশে ও বিদেশে—সব ধরনের সিরিজেই এই বিবেচনা প্রযোজ্য হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা শঙ্কায় মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাকে। এরপর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় রয়েছে।
সাম্প্রতিক সময়ে সাকিবের ফেরার বিষয়টি আলোচনায় না থাকলেও এমন এক দিনে বিসিবির এই ঘোষণা আসে—যেদিন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে এবং একই দিনে বিসিবির পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে আমজাদ হোসেন বলেন, এটি বোর্ডের নিয়মিত এজেন্ডার আলোচনার অংশ, কোনো কিছু আড়াল করতেই এই সিদ্ধান্ত নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের দেশে ফেরার পথে থাকা বাধাগুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “তার ব্যক্তিগত ইস্যুগুলো সরকারের বিষয়। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা সাকিবকে চাই—এটাই মূল কথা।”
এদিকে দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের খেলা অব্যাহত থাকবে বলেও জানায় বিসিবি। প্রয়োজন অনুযায়ী তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে বলে নিশ্চিত করেন আমজাদ হোসেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি ও আবুধাবি টি-টেন লিগে খেলেছেন সাকিব আল হাসান।