ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।
সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে এই সম্মাননা দেওয়া হয়। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল সেঠ।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য ১৯৫০ সাল থেকে চলে আসছে।
সফরকালে জেনারেল সেঠ নেপালি সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রাসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার নেপালে পৌঁছান জেনারেল সেঠ। সফরকালে তিনি নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
একই দিনে জেনারেল সেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি সেনাসদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।
নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল সেঠের সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
সূত্র: ইন্ডিয়া টুডে