২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ফল, কবে হবে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চলতি মাসেই ফল প্রকাশের আশাবাদ শিক্ষা বোর্ডের, এখনো নির্ধারণ হয়নি চূড়ান্ত তারিখ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় আগে ওই তারিখকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করলেও প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে শিক্ষা বোর্ডগুলোর আশা, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী সব শিক্ষা বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের ব্যস্ত থাকতে হওয়ায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফল প্রস্তুতের জন্য আরও কয়েকদিন সময় প্রয়োজন হবে। তবে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি, ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে পারব। তবে ২৮ জুলাইয়ের পর তা প্রকাশ হতে পারে। শিক্ষাবোর্ডগুলো ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারিখ পিছিয়ে যাচ্ছে। বোর্ডগুলো আগামী ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে পারবে বলে আশা করছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে।'

এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। একইসঙ্গে তিনি চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে শিক্ষা বোর্ডের তথ্য থেকে জানা গেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হলেও মূল্যায়ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করাই শিক্ষা বোর্ডগুলোর প্রধান অগ্রাধিকার। ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ হলে তা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এলাকার খবর

সম্পর্কিত