কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের শেষ কর্মসূচিতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের মানুষের কাছে গিয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সভায় চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় দলের নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি দলের তৃণমূলের নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূলকেও শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেই রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে যেন সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
দলের অভ্যন্তরীণ বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও পারস্পরিক সম্মান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও থানা পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক সক্ষমতার ওপরই দলের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল।
এ সময় দলের নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান।
সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
এর আগে রোববার সকাল থেকে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেন তিনি। পরে রাতে রাজধানীর উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শু/আজা