রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা সেই শিশু সাজিদকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের বিষয়ে রাত ১০টায় ঘটনাস্থলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সংবাদকর্মীদের ঘটনাস্থলে উপস্থিত রাখার জন্য অনুরোধ করেছেন তিনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাজুল ইসলাম চৌধুরী জানান, ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের ৫০ ফুট গভীরে থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় একটি পরিত্যক্ত গভীর নকলকূপে শিশুটি পড়ে যায়। উদ্ধার হওয়া সাজিদ হোসেন ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
এদিন শিশুটির মা রুনা খাতুন বলেন, “দুই শিশুকে নিয়ে ওই মাঠে ধানগাছের খড় নিতে যাচ্ছিলাম। এ সময় সাজিদকে কোল থেকে নামিয়ে দেই। সে আমার পেছনে পেছনে হাঁটছিল। পরে পেছনে তাকিয়ে দেখি ছেলে নেই। এরপর দেখি গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে।”
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর