ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) সকালে ইন্দোনেশিয়ার উত্তর উপকূলে শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আঘাত হানার পর ৫ দশমিক ৯, ৫ দশমিক ৬ এবং ৬ দশমিক ১ মাত্রার তিনটি আফটারশক অনুভূত হয়। এই অবস্থায় এশিয়ার দেশটিতে আগাম সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের ওপর ভিত্তি করে ইউএসজিএসের প্রাথমিক অনুমান অনুযায়ী, শক্তিশালী এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে ইন্দোনেশীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
তবে ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শনিবার সকালের ওই ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী বা তীব্র কম্পনের সম্মুখীন হয়েছেন, যা ভালোভাবে নির্মিত কাঠামোতে সামান্য থেকে মাঝারি এবং দুর্বলভাবে নির্মিত কাঠামোতে ব্যাপক ক্ষতি করতে সক্ষম।
অতীতেও ইন্দোনেশিয়া বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। দেশটি ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের চারপাশে একটি বলয়। যেখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প-সক্রিয় এলাকা এবং প্রশান্ত মহাসাগরের একপাশে হাপান ও ইন্দোনেশিয়া থেকে অপর পাশে ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত।