হাতিরঝিলে এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর হাতিরঝিল এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মগবাজার বিটিসিএল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে রমজানের উপহার তুলে দেওয়া হয়। হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং পশ্চিম থানা আমীর মো. নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের কষ্ট লাঘব করা সবার নৈতিক দায়িত্ব। তিনি সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হাতিরঝিল থানার অন্তর্গত বিভিন্ন এলাকার এক হাজার মানুষের মাঝে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানে যেন সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে সিয়াম সাধনা করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এলাকার খবর

সম্পর্কিত