সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা ছাত্রীনিবাসে নষ্ট লিফট ও সুপেয় পানির সমস্যায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ছাত্রীরা। দশতলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসে দুটি লিফট থাকলেও একটি দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। ফলে একটি লিফট দিয়েই শিক্ষার্থীদের ওঠানামা করতে হচ্ছে। পাশাপাশি খাবার পানির ফিল্টারের কিট সময়মতো পরিবর্তন না করায় পানিতে দুর্গন্ধসহ বিভিন্ন সমস্যার অভিযোগ করেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, একটি লিফট চালু থাকায় ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থীকে একসঙ্গে লিফটে ওঠানামা করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। বিশেষ করে ওপরের তলার শিক্ষার্থীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। লিফট ব্যবহার করতে না পারলে দশতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠানামা করাও তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে।
সরেজমিনে অপরাজিতা ছাত্রীনিবাসে গিয়ে দেখা যায়, দুটি লিফটের মধ্যে একটি বন্ধ রয়েছে। চালু থাকা লিফটটিতে একসঙ্গে অনেক শিক্ষার্থী ওঠানামা করছেন। এছাড়া খাবার পানির ফিল্টারের কিটও অপরিষ্কার অবস্থায় দেখা যায়।
পানির সমস্যা নিয়ে একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে ফিল্টারের কিট পরিবর্তন না করায় পানিতে দুর্গন্ধ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘হলে ওঠার পর থেকেই পানির সমস্যায় ভুগছি। কয়েকবার এই পানি পান করে অসুস্থও হয়েছি। লিফটও অনেকদিন ধরে বন্ধ। বিষয়টি দায়িত্বে থাকা ম্যামকে জানানো হলেও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
আরেক শিক্ষার্থী বলেন, 'হলের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো খাবার পানিতে দুর্গন্ধ। সময়মতো ফিল্টারের কিট পরিবর্তন না করায় এ সমস্যা হচ্ছে। দুটি লিফট থাকার পরও বেশির ভাগ সময় একটি দিয়েই ওঠানামা করতে হয়। দশতলা থেকে নিচে নামা সম্ভব হলেও ওপরে ওঠা অনেক কষ্টকর। বিশেষ করে খাবার আনা-নেওয়ার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়।'
এ বিষয়ে অপরাজিতা ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোর্শেদা জাহান বলেন, 'ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। শিগগিরই লিফটটি ঠিক করার ব্যবস্থা করা হবে।'
তবে সুপেয় পানির ফিল্টারের কিট পরিবর্তন না করা এবং দীর্ঘদিন অপরিষ্কার থাকার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, কয়েকদিন আগেই সবগুলো কিট পরিবর্তন করা হয়েছে।