১৫ বিজিবির পৃথক তিন অভিযান, জব্দ মাদকের মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৪ ও ১৫ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) বনচৌকি, গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে তাঁরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি এলাকা থেকে ১৭ বোতল এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাজিটারী এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা এলাকা থেকে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ৬৭ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা। আর ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ মাদকদ্রব্যের মূল্য ১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।