কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালিয়েছে একদল ডাকাত। সোমবার (১৯ অক্টোবর) ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় লুটপাট চালানো হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় বেশির ভাগই ছিল সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল যানবাহনের গতিরোধ করে যাত্রীদের পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে।
রবিউল ইসলাম বলেন, পরে তাঁদের দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। শরীর তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁর দাবি, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।
একই এলাকার আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম জানান, তাঁরা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে জঙ্গলে নিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়। আবদুল হাকিম বলেন, এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটে বলে তাঁর অভিযোগ। তবে এসব অপরাধ ঠেকাতে যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ডাকাতদের কবলে পড়া ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে তাঁদের গাড়িটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরও বলেন, ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।