গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আট নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, জয়, সতেজ, মোমেন, জুনাইদ, আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তারা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নেন বলে জানানো হয়েছে। তাদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার কিছু আগে অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকাকালে কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হন। পরে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগ নেতাদের ছবি-সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।
এ সময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিএনপির নেতাকর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
যুবলীগের মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতাকর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহরে মিছিল বের করে। নামাজের সময় আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।