অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করছে কোস্টগার্ড। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল মমিন (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাসার আলী।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার খেয়াঘাট এলাকা অভিযান চালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় এই নাগরিককে আটক করা হয়।
এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের এক সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে মমিন। এরপর ভোলায় আসার পর তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কোস্টকার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরণ করেন। একই সাথে অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।