ভাটারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লক থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

ওসি মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারার এম ব্লকে অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবসের কর্মসূচি ও ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে তারা সেখানে প্রস্তুতি সভা করছিলেন। এ সময় প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন স্লোগানসহ তারা সমবেত হন। পরে সেখানে খিচুড়ি খাওয়ার আয়োজনও করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের পরনে সাদা পাঞ্জাবি এবং বুকে কালো ব্যাজ ছিল বলেও জানান ওসি।

আওয়ামী লীগের কোনো বড় নেতা ওই সমাবেশে ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “এখানে বড় নেতাদের আসার কথা ছিল। তবে তারা আসার আগেই আমরা অভিযান পরিচালনা করেছি।”

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত