ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, তার নীতির কারণে মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠেছে। খবর আল জাজিরা
আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না।’
খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা তিনি পুনরায় শুরু করার চেষ্টা করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।
আরেক পোস্টে লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনা’ দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন আরও মার্কিন হতাহতের আশঙ্কায় আছেন।
তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার তৈরি করা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপ দিয়েছেন এবং ইসরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের উৎসর্গ করেছেন।
লারিজানি বলেন, এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারকে। ইরান নিজেদের আত্মরক্ষা অব্যাহত রাখবে।