৬১ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘আজ মন হবে যে রঙিন, সুখ হবে সীমাহীন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

পাহাড়ের বুক চিরে ছুটে চলা শাটল ট্রেনের বাঁশি, সবুজে ঘেরা পথ, ঝিরিঝিরি বাতাস আর হাজারো স্মৃতির মায়ায় জড়িয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারও কাছে এটি স্বপ্ন পূরণের ঠিকানা, কারও কাছে তারুণ্যের দুরন্ত দিনগুলোর স্মৃতির ভান্ডার, আবার কারও কাছে জীবনের সবচেয়ে সুন্দর সময়ের নাম। ছয় দশক পেরিয়ে ৬১ বছরে পা রাখা এই বিদ্যাপীঠ তাই শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, লাখো মানুষের আবেগ, ভালোবাসা ও আত্মপরিচয়ের অংশ।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাটহাজারীর জোবরা গ্রামে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। পাহাড়, টিলা আর সবুজ প্রকৃতির কোলে গড়ে ওঠা এই ক্যাম্পাস এশিয়ার একমাত্র শাটল ট্রেননির্ভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত। প্রতিদিন শাটলের ছুটে চলার সঙ্গে মিশে থাকে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার তাড়া, বন্ধুদের আড্ডা, গান আর জীবনের অসংখ্য গল্প। সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির পরিসর বেড়েছে, বেড়েছে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা; তবে প্রকৃতির সঙ্গে মিশে থাকা ক্যাম্পাসটির স্বতন্ত্র আবেদন আজও অমলিন।

ষাট বছর পূর্তির এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে বুধবার (১৮ নভেম্বর) ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য ‘হীরকজয়ন্তী’ উৎসব। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিদের মিলনমেলায় মুখর হওয়ার কথা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে প্রায় দেড় লাখ মানুষের সমাগম হবে। ‘আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন’—প্রখ্যাত শিল্পী ও গীতিকার-সুরকার আহমেদ রাজীবের গাওয়া জনপ্রিয় গানের কথার মতোই স্মৃতি, আনন্দ আর আবেগে রঙিন হয়ে উঠবে দিনটি। বহু বছর পর ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে, জমবে গল্প-আড্ডা, ফিরে আসবে তারুণ্যের দিনগুলোর স্মৃতি।

May be an image of one or more people, crowd and text

প্রতিষ্ঠার ইতিহাস: ছোট পরিসর থেকে বৃহৎ বিদ্যাপীঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে ছিল এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরবর্তী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানো এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি থেকেই উদ্যোগটি গতি পায়। ১৯৬৬ সালের ১৮ নভেম্বর হাটহাজারীর জোবরা গ্রামে মাত্র চারটি বিভাগ, সাতজন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পাহাড়ি ও সবুজ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও জাতীয় জীবনের নানা ক্ষেত্রে অবদান রেখে ছয় দশকে এটি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বহু প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীর শ্রম, স্বপ্ন এবং অর্জনের গল্প।

হীরকজয়ন্তী উপলক্ষে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে। দেয়ালে দেয়ালে নতুন রঙের ছোঁয়া, বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা আর উৎসবের আমেজে বদলে গেছে চেনা ক্যাম্পাসের দৃশ্য। কেন্দ্রীয় খেলার মাঠে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন মঞ্চ। আয়োজনে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৬২ লাখ টাকা। উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ছয় হাজার ৫৪৭ জন সাবেক শিক্ষার্থী। বর্তমান শিক্ষার্থীদের জন্য রাখা হয়নি কোনো নিবন্ধন ফি।

May be an image of dais and text

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া চট্টগ্রামের ১৫ জন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমানে সংসদ সদস্যের দায়িত্বে থাকা জনপ্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সকাল ১০টায় উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী আয়োজন। শুরুতেই বের হবে আনন্দ শোভাযাত্রা। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন রয়েছে। বিকেলে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় শিল্পী জেমসের গান পরিবেশনা থাকবে অন্যতম আকর্ষণ। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন দেশের আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।

তবে উৎসবের আলো-ঝলমলে আয়োজনের আড়ালে রয়ে গেছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু অপূর্ণ প্রত্যাশা। ৬০ বছর পেরিয়েও নির্মিত হয়নি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সমাবর্তন হয়েছে মাত্র পাঁচটি। শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের সংখ্যা প্রয়োজনের তুলনায় সীমিত। ২৬ হাজারের বেশি শিক্ষার্থীর বড় একটি অংশকে আবাসিক সুবিধার বাইরে থেকে পড়াশোনা করতে হচ্ছে। রয়েছে দীর্ঘস্থায়ী সেশনজট, হলের খাবারের নিম্নমান এবং আবাসনসংকট। ফলে প্রতিষ্ঠার গৌরবময় ইতিহাসের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি নতুন করে এসব সংকট সমাধানের প্রত্যাশাও তৈরি করেছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী নাঈম আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি হলেও এখনো শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ আবাসন সুবিধা নিশ্চিত হয়নি। এটি তাঁদের জন্য চরম হতাশার। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আবাসনসংকটে ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানে এ সমস্যা সমাধানে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া জান্নাতের অভিযোগ, ২৬ হাজার শিক্ষার্থীর যাতায়াতের জন্য শাটল রয়েছে মাত্র দুটি। ফলে প্রতিদিন যাতায়াতের সময় শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ও প্রয়োজন বিবেচনায় পরিবহনব্যবস্থার সম্প্রসারণ জরুরি।

অন্যদিকে সাবেক শিক্ষার্থীদের কাছে হীরকজয়ন্তী কেবল প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা নয়, পুরোনো দিনের কাছে ফিরে যাওয়ার এক বিরল সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘চবি ক্যাম্পাস আমার জীবনের এক অনন্য স্মৃতিময় জায়গা। এটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। হীরকজয়ন্তী ঘিরে অনেক বছর পর আবার বন্ধুদের সঙ্গে মিলিত হব—এটা ভাবতেই অন্যরকম ভালো লাগছে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাচের অনেকেই ছুটে আসবে প্রাণের এই মিলনমেলায়।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত ছয় দশকে এ বিশ্ববিদ্যালয় অসংখ্য দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলেছে। এখানকার সাবেক শিক্ষার্থীরা শিক্ষা, গবেষণা, বিচার বিভাগ, সাংবাদিকতা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ছয় দশকের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন তৈরি করেছে অসংখ্য কৃতী মানুষ, তেমনি জমিয়েছে অগণিত স্মৃতি। শাটল ট্রেনের প্রতিটি বগি, পাহাড়ি পথের প্রতিটি বাঁক, ক্যাম্পাসের চায়ের দোকান কিংবা কোনো নিরিবিলি চত্বর—সবখানেই ছড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। হীরকজয়ন্তীর এই মিলনমেলা তাই শুধু অতীত স্মরণ নয়, আগামী দিনের বিশ্ববিদ্যালয় কেমন হবে, সেই প্রত্যাশা নতুন করে সামনে আনারও উপলক্ষ। উৎসবের আনন্দে আজ হয়তো পুরোনো দিনের সব দুঃখ ভুলবেন সাবেক শিক্ষার্থীরা; তবে বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা, ঐতিহ্যের এই বিদ্যাপীঠ আগামী ছয় দশকে আবাসন, পরিবহন, শিক্ষা ও গবেষণার সংকট কাটিয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

১

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন

২

মৌলভীবাজারে বিশেষ শিশুদের নিয়ে প্রথম আলোর জন্মদিন

৩

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

৪

মায়ের কাছে চলে গেল দেড় বছরের দগ্ধ মাহাবও

৫

রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায়ে গভীর হতাশ মিয়ানমার

৬

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

৭

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

৮

ঢাকা ও গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি, থাকবে বডি–ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন

৯

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১০

শিক্ষাবঞ্চিত চাতালশিশুদের নিয়ে নাটিকা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

১১

ছিনিয়ে নেওয়া খাবার ফেরত পান আনসার সদস্যরা, নিষিদ্ধ ছাত্রলীগ প্রচার করছে তারাই সরবরাহ করেছিল

১২

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৩

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৪

আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান

১৫

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }