অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনায় নিজেদের কিছু দুর্বলতা ও অসাবধানতার কথা স্বীকার করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ। তিনি জানিয়েছেন, অসাবধানতার কারণে এই হামলার ঘটনা ঘটলেও 'ইয়াসিন বাহিনীর র‍্যাবকে ওভারপাওয়ার করার মতো কোনো সক্ষমতা নেই।' ইতিমধ্যে এ ঘটনায় জড়িত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি এসব কথা বলেন।

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলার বিষয়ে ডিজি বলেন, সেখানে র‍্যাবের স্থায়ী ক্যাম্পে হামলা হয়নি, বরং নতুন একটি ক্যাম্প স্থাপনের প্রস্তুতিকালে অতর্কিতভাবে হামলা চালানো হয়। নিজেদের দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, 'আমাদের কিছু অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে, এটি অস্বীকার করার উপায় নেই। তবে তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী নয় এবং আমাদেরকে ওভারপাওয়ার করার মতো সক্ষমতা তাদের নেই।'

তিনি আরও জানান, হামলার পরপরই র‍্যাব ও পুলিশের যৌথ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকায় বিশেষ ক্যাম্প স্থাপন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে জড়িতদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধীরা সেখানে নতুন করে ঢোকার কোনো সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ডিজি বলেন, বর্তমানে দেশে কোনো ধরনের বড় নিরাপত্তা হুমকি (থ্রেট) নেই। আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি। তবে থ্রেট না থাকলেও আমাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে। তিনি জানান, ঈদকে সামনে রেখে র‍্যাব সারাদেশে চেকপোস্ট স্থাপন, রোবাস্ট পেট্রোলিং এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ ঈদের জামাতগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন স্থানে মোবাইল চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

ডিজি আরও বলেন, ঈদের সময় রাজধানীসহ বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও সিঁধেল চুরির ঝুঁকি বাড়ে। এজন্য এবার আগের চেয়ে বেশি সংখ্যক পেট্রোল টিম দিন-রাত কাজ করবে এবং রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।

কোরবানির পশুর হাট নিয়েও র‍্যাব সক্রিয় রয়েছে জানিয়ে ডিজি বলেন, অবৈধভাবে পশুর হাট বসানো বা জোরপূর্বক পশুবাহী যানবাহন নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাজারে কালোবাজারি, ভেজাল ও নকল পণ্য ঠেকাতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জাল টাকা প্রতিরোধেও বিশেষ সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান ডিজি। তিনি বলেন, 'ঈদকে ঘিরে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে, সে বিষয়ে আমাদের অনলাইন মনিটরিং টিম কাজ করছে।'

এলাকার খবর

সম্পর্কিত