গণমাধ্যমে হামলা ‘সভ্যতার ওপর আক্রমণ’: তথ্যমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন। ছবি: পিআইডি। ছবি:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শনিবার প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন। ছবি: পিআইডি। ছবি:

যেকোনো গণমাধ্যমে হামলা চালানোকে ‘সভ্যতার ওপর আক্রমণ’ হিসেবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শনের পর ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, এর সঙ্গে যে সভ্যতাবিরোধী চিন্তা কাজ করেছে, কাছ থেকে এ ধ্বংসযজ্ঞ দেখায় তা বেরিয়ে পড়েছে।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হয়। একই রাতে হামলা হয় ছায়ানট সংস্কৃতি ভবনেও।

এসব হামলায় জড়িতদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের অপশক্তি যেন সমাজে প্রশ্রয় না পায়, সে বিষয়ে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, “কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক, বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।”

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এলাকার খবর

সম্পর্কিত