জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দুর্নীতি নির্মূলে সরকার সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর। একই সঙ্গে আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের চরমপন্থা, উগ্রবাদ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, যেকোনো উপায়ে দুর্নীতি দূর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। পাশাপাশি গত দেড় দশকে বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এ সময় তিনি নির্ধারিত সাতটি তারকাচিহ্নিত প্রশ্নের মধ্যে তিনটির জবাব দেন এবং সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নেরও উত্তর দেন।
শু/আজা