জনপ্রতিনিধি ও জনগণের সম্পর্কের দূরত্ব ঘোঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক নতুন এ কার্যক্রমের আওতায় বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার এক নাগরিকের বাসায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চা পান ও স্থানীয় নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে শুধু অফিসে বসে মানুষের কথা শোনাই যথেষ্ট নয়; মানুষের কাছে যেতে হবে, তাদের বাস্তব সমস্যা কাছ থেকে দেখতে হবে। বসিলা ও মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা ও নাগরিক স্বস্তি ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।’
মোহাম্মদপুর ও বসিলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর থানার জনবহুল পরিধি বিবেচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে।
২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালুর আশা প্রকাশ করে তিনি বলেন, বহিরাগত অপরাধীদের রোধে বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী ঘোষণা দেন যে, শিগগিরই মোহাম্মদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।
একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, সরকারি বা বেসরকারি প্রাথমিকে ভর্তির কোনও পরীক্ষা নেয়ার বিধান নেই। নিয়মবহির্ভূত ভর্তি পরীক্ষা বন্ধে এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনতে কাজ চলছে, যা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কার্যকর করা হবে।
নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দা ও পরিজনরা এলাকার শিক্ষা, নিরাপত্তা, গ্যাস-পানি-বিদ্যুৎ এবং পরিবেশসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সকলের মতামত ধৈর্য ধরে শোনেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সূত্র: চ্যানেল টোয়েন্টি ফোর