গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর চার দিনের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় নির্দিষ্ট ব্যক্তির বাইরে কেউ অবস্থান করতে পারবেন না।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী,
“নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না।”
ইসি জানিয়েছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা চলছে। ইসির ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিক প্রচারণা শেষ হবে।