জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।
রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। কায়সার কামাল আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।
বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি তৈরি হয়েছে, তা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরও সুদৃঢ় হয়। তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন, কার্যকর নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে যে পদক্ষেপ নিচ্ছেন, তা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।