পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ রাখতে হওয়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ কারণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) প্রস্তাব বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি জানান, প্রস্তাবটি অনুমোদন পেলে সমীক্ষার সুপারিশের ভিত্তিতে সারাদেশে পর্যায়ক্রমে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, স্থায়ী পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হলে পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা বজায় থাকবে, পরীক্ষা ব্যবস্থাপনা আরও দক্ষ হবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষার্থীদের জন্য পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে বর্তমানে কোনো স্বতন্ত্র পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে প্রয়োজন, বাস্তবতা এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলে পাবলিক পরীক্ষা পরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানো এবং শিক্ষা কার্যক্রম যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, সে জন্য কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত