তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার ফলে এ বছর দেশের দর্শকদের নামমাত্র মূল্যে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানো সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাট হয়েছিল।
রোববার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, এবারের বিশ্বকাপের মিডিয়া রাইটস ফিফার কাছ থেকে সরাসরি ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছে। পরে সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমে ব্যয়ের বড় অংশ উঠে এসেছে। তাঁর ভাষ্য, সব মিলিয়ে চার থেকে পাঁচ কোটি টাকার মতো ঘাটতি থাকতে পারে।
তিনি বলেন, ফিফার কাছ থেকে সরাসরি স্বত্ব কেনার ফলে অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগী বাদ পড়েছে এবং তুলনামূলক কম খরচে সম্প্রচার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সরকারের তথ্যমতে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা, যা ২০২২ সালের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম।
এর আগে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব ৯৮ কোটি টাকায় কেনা হয়েছিল। সে সময় বাংলাদেশ টেলিভিশনের কাছে স্বত্বটি বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।
প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
শু/আজা