চলতি ফেব্রুয়ারি মাসেই শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিদায়ের আগে মাসের শুরুতে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাসের শেষ দিকে এক বা দুই দিন বজ্রবৃষ্টি কিংবা শিলাসহ বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“আবহাওয়াবিদ্যার হিসাবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই তিন মাস শীতকাল হিসেবে ধরা হয়। ফেব্রুয়ারির শেষ দিকেই প্রি-মৌসুমী (প্রি-মুনসুন) সময় শুরু হয়। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে।”
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সময়ে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
তরিফুল নেওয়াজ কবির জানান, শৈত্যপ্রবাহ চলাকালে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। তাপমাত্রা বাড়ার পর মাসের শেষ দিকে প্রি-মৌসুমী প্রভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। সে হিসাবে ফেব্রুয়ারির শেষ দিকে এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়—১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে—৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এক মাস মেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই।