ই-রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা হচ্ছে, ঢাকায় হবে ৮ জোন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে রিচার্জ করা হলে এসব ই-রিকশার নিবন্ধন ও নিবন্ধন নবায়ন করা হবে না।

এ ছাড়া রাজধানীতে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি জোনের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে।

সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহারসংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ই-রিকশার বিষয়ে আইন পাস হয়েছে এবং বিধিমালা প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি সভা হয়েছে। ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় আনা হচ্ছে। সেখানে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হবে।

তিনি বলেন, ই-রিকশা যে বিদ্যুৎ দিয়ে রিচার্জ করা হবে, তা অবশ্যই সৌরবিদ্যুৎ হতে হবে। বিষয়টি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো নিশ্চিত করবে। এখন থেকে ই-রিকশার নিবন্ধনও সিটি করপোরেশন ও পৌরসভা দেবে। এ ছাড়া ই-রিকশার জন্য ফিটনেস সনদ নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

রাজধানীতে ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি জোন থাকবে। আটটি জোনের ই-রিকশার জন্য থাকবে আটটি আলাদা রং।

এক জোনের ই-রিকশা যাতে অন্য জোনে প্রবেশ করতে না পারে, সে জন্য জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। পরবর্তী ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও সৌরবিদ্যুতের ব্যবহার চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

সংসদ ভবনে ইতোমধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে অন্যান্য সরকারি অফিসেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

 

শু/আজা

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত