বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকলেও সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে, ইস্যু আসবে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ভারতের জনগণ দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক চায়। ভারতের প্রধানমন্ত্রীও ভালো সম্পর্ক চান। ভবিষ্যতে ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো নির্দিষ্ট ইস্যু রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না। ইস্যু তো বাড়িতেও থাকে। কিন্তু কোনো ইস্যু আমরা সমাধান করতে পারি—এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।’

তিনি বলেন, দুই দেশের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা বসে আলোচনা করে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত—দুই দেশই প্রাণবন্ত গণতন্ত্র। দুই দেশের সাধারণ মানুষই ভালো সম্পর্ক চায় এবং জনগণের প্রত্যাশার মধ্যেও মিল রয়েছে।

দুই দেশের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্কের কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের ইতিহাস তো আপনি বদলাতে পারবেন না। আমাদের প্রতিবেশীকেও বদলাতে পারবেন না। আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।’

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন। এতে তিনি অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রথম সাক্ষাতে তাঁর মনে হয়নি এটি প্রথমবারের সাক্ষাৎ। অত্যন্ত আন্তরিক ও বিনয়ী পরিবেশে আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও আলোচনা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দীনেশ ত্রিবেদী ‘পিপল টু পিপল’ যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, দুই দেশের নেতারা একসঙ্গে বসলে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে এবং সেগুলোর সমাধানের পথও বের হবে। দুই দেশের সম্পর্ক ভালো রাখার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীও আগ্রহী বলে জানান তিনি।

দুই দেশের সরকার কবে বৈঠকে বসবে এবং আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই দেশের নেতৃত্বের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবই ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘ইস্যু থাকবে, বাংলাদেশের ইস্যু থাকবে, ভারতের ইস্যু থাকবে। কিন্তু মানুষের ইস্যু একটাই—ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।’

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ইস্যুগুলো সমাধান করতেই হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলো ভালোই হবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত