শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চলমান প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতায় আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং দুর্যোগ মোকাবিলার বিষয়ে বেশি উদ্বিগ্ন। কোথাও প্রশাসনিক ত্রুটি বা দুর্যোগের কারণে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে আইন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকারও উদ্বিগ্ন ছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির পরিবর্তনের পর শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটরিং করছে এবং কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের যেসব পরীক্ষা কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করেছে, সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

মন্ত্রী আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী প্রশাসনিক গাফিলতি বা প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষায় অংশ নিতে না পারেন, তাহলে বিষয়টি যাচাই-বাছাই করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা দেশের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। তাই আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

 

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত