২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে এ তফসিল চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের কার্যালয় এবং জাতীয় সংসদ ভবনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। প্রয়োজন অনুযায়ী নির্বাচনসংক্রান্ত হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে বহাল ছিলেন।

পরে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত