কুয়াশার চাদরে মোড়া ভোর, হাড় হিম করা ঠান্ডা আর স্থবির জনজীবন—দেশজুড়ে দাপট দেখাচ্ছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। এরই মধ্যে দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ও দেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
ঘন কুয়াশার সতর্কতা
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
যেসব জেলায় শৈত্যপ্রবাহ
বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও শৈত্যপ্রবাহের দাপট বজায় থাকতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশেই শীতের অনুভূতি তীব্র থাকবে।
শুক্র ও শনিবারের পূর্বাভাস
শুক্রবার ও শনিবার (২–৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার ঘন কুয়াশার দাপট আরও বাড়তে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রোববার–সোমবারের চিত্র
রোববার ও সোমবার (৪–৫ জানুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক। এই দু’দিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রা
বুধবার সকালে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে—যা শীতের তীব্রতা বাড়িয়ে তুলবে।