রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নরসিংদীর মাধবদী উপজেলার মহিসাষুড়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ (৪১) গ্রেপ্তার দুজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো অপর আসামি হলেন মো. রফিক (৪০)। তাকে রিমান্ড আবেদনে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করে পুলিশ। এর আগে মঙ্গলবার ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. রুহুল আমিন। আসামিপক্ষের আইনজীবী শেখ ফরিদ রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন।
ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু / র্যাবের ধরা ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
এর আগে গত শনিবার এই মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠান আদালত। পরদিন রোববার ৯ জন এবং সোমবার আরও ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে গতকাল মঙ্গলবার আরও ৭ জনকে কারাগারে পাঠান আদালত।
মামলার এজাহার অনুসারে, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানাধীন এলাকায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন।
সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তারা স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেখানে সমাবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।