২৭ সেপ্টেম্বর থেকে আবেদন, চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত; ১ অক্টোবর প্রকাশ হবে ফল
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এ ধাপের আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ভর্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, অথবা নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-সংক্রান্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি—তারা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।
এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কোনো কারণে নিশ্চায়ন করতে না পারা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবে। ভুলভাবে কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে গিয়ে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।
দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের জন্য সময় দেওয়া হবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য আবেদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন অথবা পছন্দের কলেজের তালিকা সম্পাদন করতে হবে।
এ ছাড়া দ্বিতীয় ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।