প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৩: ৫৬
ঘুরি সালতানাতের সেনাপতি ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে নবদ্বীপে লক্ষ্মণ সেনকে পরাজিত করেন এবং সেন রাজাকে আরো অভ্যন্তরে—বাংলার দক্ষিণে পালাতে বাধ্য করেন। লক্ষ্মণ সেন ১২০৬ খ্রিষ্টাব্দে মারা যান। আনুমানিক ১২৭২ খ্রিষ্টাব্দে টিকে থাকা সেন বংশের হাত থেকে পূর্ববঙ্গ বিজয় সম্পন্ন করেন সুলতান মুগিসুদ্দিন তুঘরিল। তবে যে মুসলিম শাসক শেষ পর্যন্ত এই বদ্বীপের সব অঞ্চল—গৌড়, বরেন্দ্র, সাতগাঁও, সমতট, হরিকেল ও বঙ্গ একক প্রশাসনিক কর্তৃত্বের অধীনে আনতে সক্ষম হন, তিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ১৩৫২ খ্রিষ্টাব্দে সোনারগাঁ দখল করে তিনি বাংলার সব অংশকে একক ও অখণ্ড প্রশাসনিক কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ করেন এবং ‘সুলতানে বাঙ্গালা’ উপাধি গ্রহণ করেন। পরবর্তী দুই শতকে বাংলার সুলতানরা নিজেদের ক্ষমতা সুসংহত করেন, চীনসহ উপমহাদেশের বাইরের বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত বই ‘ডিসকভারি অব ইন্ডিয়া’তে কিংবদন্তিতুল্য সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর এক উত্তরসূরির চীনা সম্রাটকে উপহার পাঠানোর একটি মজার উপাখ্যান বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলা তখন দিল্লির আধিপত্য ঝেড়ে ফেলে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে চীনের রাজা হু-শিয়েন ও ফিন-শিয়েন নামে দুজন রাজদূতকে বাংলার সুলতানের কাছে পাঠান। এর ফলে সুলতান গিয়াসউদ্দিনের শাসনকালে বাংলা থেকে চীনে একের পর এক রাজদূত প্রেরিত হতে থাকে। তখন ছিল চীনে মিং সম্রাটদের যুগ। পরবর্তী দূতদলগুলোর একটি, ১৪১৪ সালে সাইফুদ্দিনের পাঠানো দলটি, বহু মূল্যবান উপহার নিয়ে চীনে গিয়েছিল। তার মধ্যে ছিল একটি জীবন্ত জিরাফ। জিরাফ কীভাবে ভারতে পৌঁছাল, তা এক রহস্য; সম্ভবত আফ্রিকা থেকে উপহার হিসেবে এসেছিল এবং বিরল বস্তু হিসেবে কদর পাবে ভেবে মিং সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল।’
অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম সুলতানরা পবিত্র মক্কা ও মদিনার অধিবাসীদের কাছে নিয়মিত উপহার পাঠাতেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ পবিত্র নগরী দুটিতে দুটি মাদরাসা নির্মাণ করিয়েছিলেন। তৎকালীন বাংলার সুফিদের প্রতিও সুলতানের গভীর শ্রদ্ধা ছিল। বলা হয়, তিনি এবং বিখ্যাত সাধক শায়খ নূর কুতুব আলম আরেক শ্রদ্ধেয় সাধক শায়খ হামিদউদ্দিনের কাছে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। মুসলিম সুলতানরা আরবি, ফারসি, বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী এবং পৃষ্ঠপোষক ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজেও যথেষ্ট খ্যাতিমান কবি ছিলেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী, সুলতান তার রচিত একটি ফারসি দ্বিপদী কবিতা সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানিয়ে বিখ্যাত পারস্য কবি হাফিজের কাছে বার্তা পাঠিয়েছিলেন। তিনি হাফিজকে বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। হাফিজ কবিতাটি সম্পূর্ণ করে দিলেও পারস্য থেকে এত দূরের দেশে আসতে পারেননি।
বাংলা ভাষার বিকাশও বহুলাংশে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার কাছে ঋণী। মুসলিমদের আগমনের আগে কঠোর ব্রাহ্মণ্য সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অধীনে কথ্য ভাষায় সাহিত্য রচনার কোনো সুযোগ ছিল না। প্রাচীনকালে আর্যরা সাধারণত গঙ্গা নদীর পূর্বতীর ছাড়িয়ে আরো আগে অবস্থিত বদ্বীপের অধিবাসীদের অবজ্ঞা ও উপেক্ষার চোখে দেখত। ড. নীহাররঞ্জন রায় বিভিন্ন পুরাণ থেকে উদ্ধৃত করে বলেছেন, আর্যরা বঙ্গ, পুণ্ড্র ও মগধের মানুষকে বর্বর মনে করত। সেন শাসকরা ছিল আর্য ধর্ম ও রীতিনীতির চরমপন্থি অনুসারী। কর্ণাটকের ক্ষত্রিয় সেন রাজারা শুধু সংস্কৃতেরই পৃষ্ঠপোষকতা করেননি, শিক্ষা, ধর্ম ও রাজদরবারে কথ্য ভাষার ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ করেছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতরা ঘোষণা করেছিলেন, হিন্দু ধর্মীয় ও পৌরাণিক গ্রন্থ বাংলায় লেখা বা পড়া অশালীন। মুসলিম বিজয়ের ফলে স্থানীয় মানুষ জ্ঞানের ওপর ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার থেকে মুক্তি পায়। স্বাধীন বাংলার সুলতানি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেষ পর্যন্ত ব্রাহ্মণদের আরোপিত শৃঙ্খল ভেঙে যায়। বাংলার সুলতানরা বাংলাভাষী না হলেও কথ্যভাষায় সাহিত্যচর্চার সক্রিয় পৃষ্ঠপোষকতা করেছিলেন। বাংলা লোকসাহিত্য গবেষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনেশচন্দ্র সেন ১৮৯৬ সালে লিখেছিলেন, ‘বাংলা ভাষা কীভাবে এমন সমৃদ্ধ রাজদরবারে প্রবেশ করতে পারল? ব্রাহ্মণরা যে এই ভাষাকে সম্পূর্ণ অবজ্ঞার চোখে দেখতেন, তা আগেই বলা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা হঠাৎ এই ভাষার প্রতি সদয় হয়ে উঠলেন কেন? আমরা বিশ্বাস করি, বাংলায় মুসলিম বিজয়ই বাংলা ভাষার সৌভাগ্যের কারণ। মধ্য এশিয়া বা অন্যান্য স্থান থেকে আগত মুসলিমরা এ দেশে আসার পর বাঙালি হয়ে গেলেন। তারা হিন্দু প্রজাদের পাশাপাশি বসবাস করতে শুরু করলেন। মুসলিমদের মসজিদের পাশেই বাজল হিন্দু মন্দিরের ঘণ্টা। পূজা, রাস ও হোলির মতো হিন্দু উৎসবের পাশাপাশি পালিত হলো মহরম ও ঈদ।’
আরেকজন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী সুকুমার সেন বাংলা ভাষার বর্তমান রূপে বিবর্তনের প্রধান কারণ হিসেবে মুসলিম প্রভাবকে চিহ্নিত করেছেন। গোলাম মুরশিদ তার ‘হাজার বছরের বাংলা সংস্কৃতি’ গ্রন্থে লিখেছেন, ‘যে যুগে রামায়ণ, মহাভারত ও আঠারো পুরাণ কথ্যভাষায় পড়া বা শোনা গুরুতর পাপ বলে গণ্য হতো, সেই যুগে সুলতানদের ‘আশীর্বাদ’ ছাড়া ওই কবিরা সেসব কাহিনি বাংলায় অনুবাদ করার সাহস পেতেন কি না, সন্দেহ। তারা যে তৎকালীন শাসকদের কাছ থেকে প্রবল উৎসাহ পেয়েছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বস্তুত সুলতানদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন